মরীচিকা ও মোহময়ী - অধ্যায় ৩৩
রাত আটটা। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের নির্জন গলি।
সেই একই সময় প্রধান মার্শাল আর্টস অ্যাকাডেমির পুরোনো দোতলা বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এল অয়ন চ্যাটার্জী।
রাস্তার ধারের পুরোনো, হলদেটে সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোটা একটা টিমটিমে, বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে। চারপাশটা গুমোট, বাতাসটা স্থির হয়ে আছে।
অয়নের পরনে একটা ঘামে ভেজা কালো টি-শার্ট আর ট্র্যাকপ্যান্ট। তার কাঁধে একটা স্পোর্টস ব্যাগ। সে একটা ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়াল। পুরো শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু শরীরের এই ব্যথার চেয়ে তার মনের ভেতরের যন্ত্রণাটা হাজার গুণ বেশি। সেদিনের পর মিস্টার প্রধান তাকে আর কারোর সাথে লড়তে দেননি। আজ তিনি অয়নকে দিয়ে একটা অমানুষিক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন।
'কিবা দাচি' বা হর্স স্ট্যান্স।
দুই পা ফাঁক করে, হাঁটু ভাঁজ করে শূন্যে বসে থাকার পজিশন। যেখানে এই পজিশনে পাঁচ মিনিট থাকলেই সাধারণ মানুষের পায়ের পেশিগুলো ব্যথায় ফেটে পড়ার উপক্রম হয় আর অয়নকে এই পজিশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে টানা পঁয়তাল্লিশ মিনিট।
মিস্টার প্রধান তার সামনে একটা সরু বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। অয়নের পায়ের পেশিগুলো যখন ব্যথায় থরথর করে কাঁপছিল, তার উরু যখন আক্ষরিক অর্থেই অবশ হয়ে আসছিল, তখন মিস্টার প্রধান অত্যন্ত নিস্পৃহ গলায় তাকে প্রশ্ন করছিলেন,
"তোমার খুব রাগ তাই না ? তোমার মনে হচ্ছে তুমি পুরো পৃথিবীটা ধ্বংস করে দেবে, তাই তো ? অথচ তুমি মার্শাল আর্টের একটা সামান্য পজিশন হোল্ড করতে পারছ না। যে ছেলে নিজের শরীরের কাঁপুনি নিয়ন্ত্রণ করতে পারে না, সে বড় বড় ফাইটের কথা বলে কোন মুখে ? নিজের শরীর আর মনকে বশ করার যোগ্যতা যার নেই সে আর যাই হোক কখনও বড় ফাইটার হতে পারে না, অয়ন।"
অয়নের মাথার ভেতরটা তখন রাগে ফেটে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে লাফিয়ে উঠে মিস্টার প্রধানের গলাটা টিপে ধরে। কিন্তু সে পারেনি। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। শরীরের ব্যথা, অপমান আর নিজের ভেতরের চেপে রাখা রাগ, এই তিন ইমোশন মিলে তার চোখে জল এনে দিয়েছিল।
অয়ন নিজের শরীর আর মনকে কন্ট্রোলে আনা শিখতে চায় না। সে এখানে গৌতম বুদ্ধ হতে আসেনি। ফেস্টের রাত থেকে তার বুকের ভেতর একখানা আস্ত কালবৈশাখী জমা হয়ে আছে।
মিঃ প্রধান সেসবের কী বুঝবেন ?
নির্বাসন কাটিয়ে ফুটবল মাঠে ফেরার পরে কোচ সেনগুপ্ত এখন তাকে আলাদা প্র্যাকটিস করান। প্র্যাকটিস ম্যাচে ওকে টিমে রাখা হয় না। সতীর্থরা সবাই ওকে এড়িয়ে চলছে, কেউ কথা বলে না। হোস্টেলে একলা ঘরে বসে অয়নের সময় কাটতে চায় না; এভাবে চললে সে একদিন সত্যিই পাগল হয়ে যাবে। একটা ফিজিক্যাল রিলিজ তার ভীষণ দরকার।
ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে কথাগুলো চিন্তা করে অয়ন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার উরুর পেশিগুলো এখনো অল্প অল্প কাঁপছে।
সে আস্তে আস্তে গলির মোড়ে একটা ছোট চায়ের দোকানের দিকে এগোল। একটা মাটির ভাঁড়ে লিকার চা নিয়ে সে রাস্তার ধারের একটা ভাঙা সিমেন্টের বেঞ্চে বসল। চায়ের স্বাদটা একদম তেতো, ঠিক তার জীবনের মতো।
"স্যার, একটা বুনো বাঘকে খাঁচায় পুরে তাকে ধ্যান করতে শেখাচ্ছেন। এটা তো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, তাই না?"
হঠাৎ করে অন্ধকার ফুঁড়ে ভেসে আসা একটা ভরাট, রুক্ষ গলার আওয়াজে অয়ন চমকে মুখ তুলে তাকাল।
তার বেঞ্চের কিছুটা দূরে, যেখানে ল্যাম্পপোস্টের আলো পড়েনি সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে ফস করে একটা দেশলাই জ্বলে উঠল। সেই দেশলাইয়ের আলোয় অয়ন দেখতে পেল একটা মুখ।
ছেলেটার বয়স চব্বিশ-পঁচিশের কাছাকাছি হবে। তার চেয়ে বয়সে বড়। পরনে একটা লেদার জ্যাকেট। গায়ের রঙ তামাটে, পেশিবহুল, চওড়া চেহারা। চোখেমুখে একটা স্ট্রিট-ফাইটারের মতো রাফ-অ্যান্ড-টাফ লুক। বাঁ চোখের ভুরুর ওপর একটা পুরোনো কাটার দাগ।
রৌণক।
অয়ন একে চেনে। দোজোতে এই ছেলেটাকে সে কয়েকবার দেখেছে। রৌণক দোজোর সিনিয়র ছাত্রদের একজন, ব্ল্যাক বেল্ট। কিন্তু সে কখনো মিস্টার প্রধানের ক্লাসে অন্যদের মতো বাধ্য হয়ে বসে থাকে না। সে আসে, নিজের মতো ট্রেনিং করে আর চলে যায়। মিস্টার প্রধানও তাকে কখনো কিছু বলেন না।
রৌণক ধীর পায়ে এগিয়ে এসে অয়নের বেঞ্চের একটা ধারে বসল। সে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা অয়নের মাথার ওপর দিয়ে ছাড়ল।
"আমি তোমাকে গত এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি। তুমি রোজ এসে মেডিটেশনে বসলে কী হবে, তোমার চোখদুটো বলছে তুমি এখানে ইনার পিস খুঁজতে আসোনি।"
রৌণক অত্যন্ত ক্যাজুয়াল গলায় কথাটা বলল বটে, কিন্তু তার চোখের দৃষ্টিটা রিল্যাক্সড নয়। সেটা অত্যন্ত তীক্ষ্ণ।
"তুমি ভুল দরজায় কড়া নাড়ছ। মিস্টার প্রধান একজন গ্রেট মার্শাল আর্ট টিচার। কিন্তু, ফাইটার তৈরি করা ওনার লক্ষ্য নয়। কীভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হয়, কীভাবে মনকে শান্ত রাখতে হয় এগুলোকে উনি বেশি গুরুত্ব দেন।"
অয়ন চায়ে একটা চুমুক দিয়ে নিস্পৃহ গলায় বলল, "আমি এখানে কী করতে এসেছি, সেটা আমার আর ওনার ব্যাপার। এখানে তোমার মাথা ঘামানোর দরকার নেই।"
"আই সি, অ্যারোগ্যান্ট। গুড", রৌণক একটু সামনে ঝুঁকল।
তারপর তার গলার স্বরটা একটু পাল্টে গেল।
"শোন ভাই, তুমি যা খুঁজছ, দোজোতে সেটা পাবে না। মিস্টার প্রধান তোমাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত ঘাম ঝরাবেন, যতক্ষণ না তোমার ভেতরের আগুনটা মরে যাচ্ছে। কিন্তু তুমি তো তোমার রাগটাকে মারতে চাও না, তাই না?"
অয়ন চায়ের ভাঁড়টা শক্ত করে ধরল। রৌণকের শেষ কথাটা তার মনের একদম ভেতরের অন্ধকার কোণটা ছুঁয়ে গেছে।
'ও কি আমার ব্যাপারে খোঁজ নিয়ে তারপর এখানে এসেছে ?', সে নিজেকে প্রশ্ন করল।
"তুমি তো এখানে শান্তি খুঁজতে আসো না। তোমার চোখদুটো আমি দেখেছি। তোমার চোখে সবসময় একটা আগুন জ্বলছে। তুমি ভেতরে ভেতরে ছটফট করছ, তোমার হাত নিশপিশ করছে। তুমি ওই রাগটাকে বের করার রাস্তা পাচ্ছ না বলে নিজেকেই ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছ। তাই না ?"
"আমার ব্যাপারে তুমি কী জানো?" অয়ন অত্যন্ত শীতল, নিস্পৃহ গলায় পাল্টা জিজ্ঞাসা করল।
"আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। আর আমার জানার কোন দরকারও নেই", রৌণক হাসল।
"আমি শুধু একজন ফাইটারকে চিনি। তোমার হাত নিশপিশ করছে। তুমি চাও তোমার ঘুঁষিতে কারোর চোয়াল ভাঙুক। তোমার নাকলগুলো বাতাস বা কাঠের ডামিকে পাঞ্চ করার জন্য তৈরি হয়নি। ওগুলো কারোর হাড় ভাঙার জন্য তৈরি হয়েছে। সেই রিলিজটা না পেলে তুমি একদিন পাগল হয়ে যাবে।"
অয়ন চায়ের ভাঁড়টা মাটিতে নামিয়ে রাখল। তার দৃষ্টি এখন সরাসরি রৌণকের চোখের দিকে।
"তুমি কী বলতে চাইছ, ক্লিয়ারলি বলো।"
রৌণক সিগারেটের টুকরোটা রাস্তায় ছুঁড়ে ফেলে জুতো দিয়ে পিষে দিল। তারপর সে সোজা হয়ে বসে অয়নের দিকে একটা অচেনা জগতের আমন্ত্রণ ছুঁড়ে দিল।
"শোন, দোজোতে তুমি যা খুঁজছ, তা কোনোদিন পাবে না। ওখানে শুধু রুলস আর ডিসিপ্লিন। কিন্তু আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে কোনো রুলস নেই, শুধু 'র' অ্যাগ্রেশন আছে। সেখানে তুমি তোমার ভেতরের রাগটা পুরোপুরি রিলিজ করতে পারবে। সেখানে মারলে কেউ তোমাকে জাজ করবে না, বাধা দেবে না; বরং সেলাম ঠুকবে।"
কথা বলতে বলতে রৌণক নিজের গলাটা আরও নামিয়ে ফেলল।
অয়ন একদৃষ্টে রৌণকের দিকে তাকিয়ে রইল। তার মনে কনফিউশন, কিসের কথা বলছে ও ?
একবার অয়নের মনে হলো, এটা হয়তো রৌণকের কোন চাল। কিন্তু পরক্ষণেই তার মাথার ভেতর বিক্রমের সেই ফাটা ঠোঁটের হাসিটা আর বিদিশার চড় মারার দৃশ্যটা ফ্ল্যাশ করল। তার সত্যিই একটা আউটলেট দরকার। ক্লাসে যাওয়া বন্ধ, দিনরাত একা একা হোস্টেলের ঘরে বসে বসে ও কেমন একটা হয়ে যাচ্ছে। দোজোতে আসা আর না আসা সমান। না এলেই বরং ভালো হয়। ওর এমন একটা জায়গার দরকার, যেটা ওকে রিলিজ দেবে।
এসব চিন্তা করতে করতে অয়ন মনে মনে একটা হঠকারি সিদ্ধান্ত নিল, এই জায়গাটা যদি ওর পছন্দ হয়ে যায় তবে সে দোজো ছেড়ে দেবে।
"কোথায় যেতে হবে?"
অয়ন অত্যন্ত শান্ত গলায় জিজ্ঞেস করল। কিন্তু, তার চোখের তারায় চাপা কৌতূহল।
রৌণক পকেট থেকে একটা কালো রঙের ভিজিটিং কার্ড বের করে অয়নের দিকে এগিয়ে দিল। কার্ডটায় কোনো নাম নেই, শুধু একটা ঠিকানা আর একটা সময় লেখা - সন্ধ্যা ছটা।
"আমি তোমার জন্য ওয়েট করব" রৌণক কার্ডটা অয়নের হাতে গুঁজে দিয়ে রাস্তার অন্ধকারের দিকে পা বাড়াল। যাওয়ার জন্য পা বাড়িয়ে, সে আরেকবার ফিরে অয়নের দিকে তাকাল।
"তবে একটা কথা মনে রেখো। দরজার ওপাশে যে পৃথিবীটা আছে, সেটা বাইরে থেকে ভীষণ আলাদা। ওটা ভদ্রলোকের জায়গা নয়। ওখানে মারটাই শেষ কথা। নিজের জায়গা নিজেকে বানিয়ে নিতে হয়। তাই ওখানে কারোর থেকে ভদ্রতা আশা করো না।"
কথাটা বলে রৌণক এবার অন্ধকারে মিলিয়ে গেল।
রাস্তার টিমটিমে সোডিয়াম আলোর নিচে একা বসে রইল অয়ন। তার মনের ভেতর সবসময় যে অস্থিরতা চলে সেটা এখন নেই। সে নিজের হাত দুটো চোখের সামনে তুলে ধরল। তার হাতের তালুগুলো থেকে এই মুহূর্তে একটা অদ্ভুত উত্তাপ বেরোচ্ছে।
তার মা তাকে একটা জংলি জানোয়ার বলেছিল না ?
বেশ তো। এবার সে সত্যিই সত্যিই একটা জানোয়ার হয়ে দেখাবে।
ওদিকে ঠিক একই সময়ে অয়ন যখন দোজো থেকে বেরোচ্ছিল আর বিক্রমরা ষড়যন্ত্র রচনায় মশগুল ছিল ঠিক তখনই কলেজের বিশাল লোহার গেট পেরিয়ে বিদিশার গাড়ি রাস্তায় এসে পড়ল।
বিদিশা ইভনিং সেকশনের ক্লাস নেন না। এতক্ষণ তাঁর কলেজে থাকার কথা নয়। তিনি সাধারণত সাড়ে পাঁচটা নাগাদ কলেজ থেকে বেরিয়ে যান কিন্তু সেমিনারের কাজের চাপে তার নর্মাল শিডিউল এখন পুরোপুরি লাটে উঠেছে।
কলকাতার বুকে রাতের ব্যস্ততা তুঙ্গে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা আলোকিত, সিগন্যালের লাল-সবুজ আলো জ্বলছে-নিভছে আর ট্রাফিকের একটানা ব্যস্ত আওয়াজ।
বিদিশা গাড়ির পেছনের সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। সারাদিনের চূড়ান্ত ব্যস্ততা, সেমিনারের কাজের তদারকি, সেমিনার সংক্রান্ত নানা কমিটির সাথে দফায় দফায় মিটিং, রিসার্চ পেপার ঝাড়াই-বাছাই, রাহুল বোসের সাথে স্বস্তিদায়ক কফি সেশন...সবকিছু যেন গাড়িতে ওঠার সাথে সাথে কর্পূরের মতো উড়ে গেল।
সারাদিনের খাটুনিতে ক্লান্তিতে চোখদুটো জড়িয়ে আসতে চাইছে। কিন্তু, শরীর এলিয়ে দিলেও মনের গহীনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধছে।
চলমান গাড়ির জানালার বাইরে রাতের কলকাতা যখন দ্রুত সরে সরে যাচ্ছে, সেই একইসময় গাড়ির এসি-র মৃদু গুঞ্জনের মাঝে একা বসে তাঁর অবচেতন মনের একদম তলদেশ থেকে একটা অজানা, অদ্ভুত আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠল।
সুব্রত সেন আর বিক্রমের ষড়যন্ত্রের কথা বিদিশা ঘুণাক্ষরেও জানেন না। কিন্তু, তাঁর সহজাত নারীসুলভ ষষ্ঠেন্দ্রিয় তাকে বারবার কোন অজানা বিপদের সঙ্কেত পাঠাচ্ছে। সেটা এতটাই প্রবল যে এক মুহূর্তের জন্য একটা শীতল স্রোত তাঁর মেরুদণ্ড বেয়ে নেমে গেল।
বিপদ ? কিন্তু, কিসের বিপদ ?
বিদিশা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের সেই ঘুমন্ত ক্লান্তি এক লহমায় কেটে গিয়ে তার জায়গা নিল কঠিন এক ভাব। তিনি সিটে সোজা হয়ে বসলেন।
অজানা আশঙ্কায় ভয় পেয়ে গুটিয়ে যাওয়ার পাত্রী বিদিশা নন। ইতালির সেই অভিশপ্ত রাত তাকে শিখিয়েছে, বিপদের গন্ধ পেয়ে আতঙ্কিত হওয়াটা বোকামি, বরং সেই বিপদের চোখে চোখ রেখে লড়াই করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করাটাই আসল।
তার সামনে এখন পাখির চোখ, এই ন্যাশনাল ম্যাথ সিম্পোজিয়ামকে যেকোনো মূল্যে সফল করে তোলা। সেকথা চিন্তা করে গাড়ির জানালা দিয়ে রাতের কলকাতার ছুটন্ত রাস্তার দিকে একদৃষ্টে তাকিয়ে বিদিশার চোয়াল শক্ত হলো।
এই খেলায় জেতার জন্যই তিনি নেমেছেন। চ্যালেঞ্জটা যতই বড় হোক না কেন, কোন অবস্থাতেই ময়দান ছাড়বেন না তিনি।